Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারি অনুরোধ


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ /
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারি অনুরোধ

সাজাপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা ভাষণ প্রচার থেকে বিরত থাকার জন্য দেশের সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। আজ শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, গত ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সরকার আশা প্রকাশ করে যে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।