
জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। এই লক্ষ্য অর্জনের জন্য সব ক্ষেত্রে সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং আইনের সমান প্রয়োগ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকির।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদানিয়া আল মাদানী মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাআদ বিন জাকির। তিনি বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বৈষম্য নয়, বরং সবার জন্য আইনের সমান প্রয়োগই জুলাই গণঅভ্যুত্থানের চেতনার অন্যতম দাবি। দেশে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
আলোচনা সভায় সাআদ বিন জাকির সাবেক ছাত্রনেতা হাফেজ নাঈমের মুক্তির দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা শিব্বীর আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও যুব জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা জাফর আহমেদসহ ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :