Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ /
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে দেশ। এখন আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরুক এবং তার বিরুদ্ধে হওয়া ফাঁসির রায় কার্যকর হোক। তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তাকে কীভাবে আনা হবে, কখন আনা হবে এবং কীভাবে বিচার কার্যকর করা হবে, তা বাংলাদেশ সরকারকেই ঠিক করতে হবে। এ বিষয়ে দিল্লির সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপরই সব কিছু নির্ভর করছে। তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয় এবং শেখ হাসিনার সিদ্ধান্ত মূলত দিল্লি থেকে আসে।

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা করা হয় এবং সরকার তাতে প্রশ্রয় দেয়, তবে সরকারই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের শহিদদের ১ হাজার ৪০০ পরিবার এবং ত্রিশ হাজার আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ন্যায়বিচারের অপেক্ষায় আছে। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়ে সরকারের চিন্তাভাবনাকে তিনি সঠিক পথ হিসেবে অভিহিত করে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কেবল ফাঁসির রায় কার্যকর করার জন্যই ফিরবেন।