
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল ফাঁসির রায় কার্যকর করার জন্যই হবে। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়ে গিয়েছে, এখন সরকারের উচিত যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।
একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে দেশ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কাদের সাথে নিয়ে আসবেন বা আত্মসমর্পণ করবেন কি না—সেটি বাংলাদেশ সরকার ঠিক করবে। তিনি আরও বলেন, দিল্লির সাথে কথা বলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তাকে কখন ও কীভাবে ফিরিয়ে আনা হবে এবং বিচারের রায় কার্যকর করা হবে। দেশের স্থিতিশীলতার জন্য এই রায় কার্যকর করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি দিল্লির নিয়ন্ত্রিত একটি দল। তিনি বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার নিজের নয়, বরং দিল্লি থেকে তাকে যতটুকু অনুমতি দেওয়া হয়, তিনি সে অনুযায়ী কথা বলেন। তাই তার ফিরে আসা বা বিচার হওয়া মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে।
এছাড়া, মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকিন আলম এবং এতে বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :