
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরির মামলার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৮ জুলাই বুধবার রাতে উপজেলার ফুল্লশ্রী গ্রাম থেকে মাদক ও চুরির মামলার আসামি ২৪ বছর বয়সী রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এরপর ৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে থানা হাজতে পুলিশের নির্যাতনে রিয়াজের মৃত্যু হয়েছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে।
এই গুজবের জেরে রিয়াজের স্বজন ও স্থানীয় কিছু মানুষ থানায় চড়াও হয় এবং হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা করে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :