Facebook Twitter Instagram YouTube

কবরজীবনে মানুষের সঙ্গে কী ঘটবে: ইসলামি আকিদার আলোকে বর্ণনা


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ / ০
কবরজীবনে মানুষের সঙ্গে কী ঘটবে: ইসলামি আকিদার আলোকে বর্ণনা

ইসলাম মানে কেবল নামধারী হওয়া নয়, বরং এতে আন্তরিক বিশ্বাস থাকা অপরিহার্য। ইসলামের বিশ্বাসের ছয়টি মূল স্তম্ভের একটি হলো পরকাল বা শেষ দিনের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের অংশ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.) মৃত্যুর পর যা যা ঘটার কথা বলেছেন, তার মধ্যে কবরের প্রশ্নোত্তর, শাস্তি, প্রতিদান এবং হাশর-নাশর বা পুনরুত্থান অন্যতম।

মৃত্যুর মুহূর্তটি পরকালের জীবনের প্রথম ধাপ। যখন কোনো মোমিনের মৃত্যু উপস্থিত হয়, তখন আকাশ থেকে শুভ্র চেহারার ফেরেশতারা নেমে আসেন, যাদের মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল। তাদের হাতে থাকে জান্নাতের কাফন ও বেহেশতের সুগন্ধি। তারা মৃত ব্যক্তির চারপাশে চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত বসে থাকে। এরপর প্রাণ হরণকারী ফেরেশতা মাথার পাশে বসে বলেন, 'হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে।' তখন সেই আত্মা পানির ফোঁটার মতো সহজে শরীর থেকে বেরিয়ে আসে। কিন্তু অবিশ্বাসী কাফের ব্যক্তির বিষয়টি ভিন্ন। তার কাছে কালো চেহারার ফেরেশতারা নেমে আসে, যাদের হাতে থাকে রুক্ষ পশমি মোটা কাপড়। তারা চারপাশে বসে থাকে। এরপর মালাকুল মওত মাথার পাশে বসে বলেন, 'হে নিকৃষ্ট আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে।' তখন সেই আত্মা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কষ্টসহকারে জোরপূর্বক টেনে বের করা হয়, যেমন ভেজা পশম থেকে লোহার কাঁটাযুক্ত দণ্ড টেনে বের করা হয় (মুসনাদে আহমদ : ১৮৫৫৭)।

আত্মা বের হওয়ার পর মোমিন দুনিয়ার কষ্ট থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমতের দিকে চলে যায়। অন্যদিকে অপরাধী বা ফাসেক ব্যক্তির মৃত্যু হলে মানুষ, জমিন, গাছপালা ও পশুরা তার থেকে স্বস্তি পায় (বোখারি : ৬৫১২)। এরপর মানুষ বরজখের জীবনে প্রবেশ করে, যা দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী সময়।

কবর হলো পরকালের প্রথম ঘর। মৃতকে কবর দেওয়ার পর সে তার সঙ্গীদের জুতার শব্দ শুনতে পায়। এরপর তাকে তিনটি প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর দিতে পারে খুব অল্পসংখ্যক মানুষ। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, 'তোমাদের কবরের পরীক্ষা হবে দাজ্জালের পরীক্ষার মতো কঠিন' (বোখারি : ৭২৮৭)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh