
বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে আর্লিং হালান্ডের সঙ্গে কোনো ধরনের তুলনায় যেতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেইন স্পষ্ট করেছেন যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতার চেয়ে থ্রি লায়নসদের বিশ্বসেরার ট্রফি এনে দেওয়াটাই তার একমাত্র লক্ষ্য। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শনিবার দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিতব্য এই লড়াইয়ে দুই দলই মুখোমুখি হবে।
চলতি বিশ্বকাপে হালান্ড এখন পর্যন্ত ৭টি গোল করেছেন, যা কেইনের চেয়ে একটি বেশি। অন্যদিকে, ৮টি করে গোল নিয়ে এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেইন নরওয়েজিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নিজের তুলনা করতে দ্বিমত পোষণ করেন। ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার বলেন, এটি অসম্ভব কারণ তারা দুজনে সম্পূর্ণ ভিন্ন ধারার খেলোয়াড়। তিনি জানান, তারা দুজনেই সিনিয়র স্ট্রাইকার হলেও মাঠে প্রায় ভিন্ন পজিশনে খেলেন। কেইন নিজের খেলার ধরন ব্যাখ্যা করে বলেন, তিনি বল হোল্ড করা পছন্দ করলেও প্রয়োজনে পুরোদস্তুর ‘নম্বর নাইন’ হিসেবে খেলতে পারেন।
হালান্ডের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে কেইন বলেন, আর্লিং অবিশ্বাস্য, শারীরিকভাবে সে একটা মেশিন বা দানব। তার ফিনিশিং সর্বোচ্চ স্তরের এবং গোল করার রেকর্ডই তার হয়ে কথা বলে। তবে রসবোধের ছলে তিনি আশা প্রকাশ করেন যে আগামীকালের ম্যাচে হালান্ড যেন গোল না পান। কেইন মনে করেন, ব্যক্তিগত পুরস্কারের চেয়ে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা অনেক বড় অর্জন, যদিও তিনি দলের মূল গোলদাতা হিসেবে গোল করে দলকে সাহায্য করতে প্রস্তুত।
পরিসংখ্যানের দিক থেকে নরওয়ের বিপক্ষে ৭-২ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ চার দেখায় নরওয়ে ইংলিশদের জালে একবারও বল জড়াতে পারেনি। তবে স্টেল সোলবাকেনের নরওয়ে দল ব্রাজিলকে হারিয়ে এবং ৫ ম্যাচে ১২ গোল করে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
আপনার মতামত লিখুন :