Facebook Twitter Instagram YouTube

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ /
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলাররা শুরু থেকেই জিম্বাবুয়েকে চাপে রাখেন। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৭ রান তুলতেই স্বাগতিকরা তিন উইকেট হারিয়ে বসে। শরীফুলের শিকার হন বেন কারান (২) ও ক্রেইগ আরভিন (৫), আর তাসকিনের বলে আউট হন ব্রায়ান বেনেট (৬)।

প্রাথমিক ধাক্কা সামলে ওয়েসলি মাধেভেরে ও ইনোসেন্ট কায়া দলের হাল ধরার চেষ্টা করেন। দলীয় ৭৮ রানে কায়া ২৫ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর সিকান্দার রাজা ১১ রান করে তানভীরের শিকার হন এবং ক্লিভ মাদান্দে ১ রান করে শরীফুলের বলে আউট হন। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া মাধেভেরে ৫৬ বলে ফিফটি তুলে নেন। তিনি ৭৪ বলে ৭৫ রান করে মেহেদীর ক্যাচে পরিণত হন। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ৪৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে জিম্বাবুয়ে ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয়।

বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম ১০ ওভারে ৪৪ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তানভীর ২টি করে এবং সাইফউদ্দিন ১টি উইকেট লাভ করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কোনো উইকেট পাননি। সিরিজে ইতোমধ্যে ২-০ পিছিয়ে বাংলাদেশ। দুই ম্যাচে পিছিয়ে থাকা বাংলাদেশ সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে এখন ব্যাটিংয়ে নামবে।