
ফুটবল বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড ৪৮টি দল ১০৪টি ম্যাচে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার ফাইনালসহ মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক আগ্রহের পাশাপাশি আয় বাড়াতে ফিফা এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। তারা বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের টুকরো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলপ্রেমীরা চাইলে ফাইনাল ম্যাচের মাঠের অংশ নিজেদের সংগ্রহে রাখতে পারবেন। প্রতিটি ঘাসের টুকরোর দাম ধরা হয়েছে ৪৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকারও বেশি।
ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিটি টুকরো উচ্চমানের অ্যাক্রিলিকে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং সঙ্গে একটি স্মারক থাকবে। তবে প্রতিটি টুকরোর মাপ ১৭.৫/১৭.৫/১৭.৭ উল্লেখ করা হলেও তা ইঞ্চি, সেন্টিমিটার না মিলিমিটার তা স্পষ্ট করা হয়নি। অনেক আগ্রহী ক্রেতা এ বিষয়ে জানতে চাইলেও ফিফা কর্তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর এই স্মারকগুলো আগ্রহীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই সুবিধা কেবল আমেরিকা এবং ইউরোপের বাসিন্দারা পাবেন। বিশ্বের অন্য কোনো অঞ্চলে এই স্মারক পৌঁছে না দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে, ফাইনাল ম্যাচের সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ৩২,৯৭০ ডলার এবং খাবার-পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম সাড়ে ৩২ হাজার থেকে সাড়ে ৩৪ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :