Facebook Twitter Instagram YouTube

ইসলামে যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ / ০
ইসলামে যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম

মানবজীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতোই জৈবিক চাহিদাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই মৌলিক প্রয়োজন পূরণে ইসলাম বিয়ের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিধান দিয়েছে। বিয়ে শুধু মানবজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র সৃষ্টিজগতের এক চিরায়ত ধারা। সৃষ্টিজগতের প্রতিটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, 'আমি প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।' (সুরা জারিয়াত, আয়াত: ৪৯)।

সামর্থ্যবান যুবসমাজকে যথাসময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। সহিহ বুখারির ৫০৬৬ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা, বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতাকারী।' এ ছাড়া বিয়েকে নবী-রাসুলদের গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে উল্লেখ করা হয়েছে। সুনানে ইবনে মাজাহর ১৮৪৬ নম্বর হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেছেন, 'বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো। কারণ, আমি উম্মতের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করব।'

ইসলামের বিবাহবিধানে নির্দিষ্ট কিছু রক্তের সম্পর্ক, দুগ্ধ সম্পর্ক ও বৈবাহিক সূত্রের স্বজনদের সঙ্গে বিয়ে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। ইসলামী শরিয়ত অনুযায়ী যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম, তারা হলেন—

১. মা এবং একইভাবে দাদি, নানি ও তাঁদের ওপরের স্তরের সব নারী।

২. বাবার স্ত্রী বা সৎমা। পিতা মৃত্যুবরণ করলে কিংবা স্ত্রীকে তালাক দিলেও সন্তানের জন্য বাবার সাবেক স্ত্রীকে বিয়ে করা বৈধ নয়। ইসলামপূর্ব জাহেলি যুগে এ ধরনের বিয়ের প্রচলন থাকলেও ইসলামে তা স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে।

৩. নিজের মেয়ে, ছেলের মেয়ে (পোতনি), মেয়ের মেয়ে (নাতনি) এবং তাঁদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান।

৪. বোন, যার মধ্যে সহোদর বোন, বৈমাত্রেয় (সৎমায়ের মেয়ে) বোন ও বৈপিত্রেয় (সৎবাবার মেয়ে) বোন অন্তর্ভুক্ত।

৫. ফুফু, অর্থাৎ বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।

৬. যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন ঘটেছে, তাঁর পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যাসন্তান, স্ত্রীর আপন মা (শাশুড়ি), নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি।

৭. খালা, অর্থাৎ মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।

৮. ভাতিজি, অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে এবং তাঁদের পরবর্তী প্রজন্মের কন্যাসন্তান।

৯. ভাগ্নি, অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে এবং তাঁদের পরবর্তী প্রজন্মের কন্যাসন্তান।

১০. দুধ মেয়ে (স্ত্রীর দুধ পান করেছে এমন কন্যাসন্তান), দুধ মেয়ের মেয়ে, দুধছেলের মেয়ে ও তাঁদের পরের প্রজন্মের যেকোনো কন্যাসন্তান এবং দুধছেলের স্ত্রী।

১১. দুধ মা এবং তাঁর দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাঁদের ঊর্ধ্বতন সর্বস্তরের নারী।

১২. দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাঁদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান। শরিয়তের বিধান অনুযায়ী দুধসম্পর্ককে রক্তসম্পর্কের মতোই গণ্য করা হয়।

১৪. দুই নারীকে একই সময়ে এক পুরুষের স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ, যাদের মধ্যে একজন পুরুষ হলে পারস্পরিক বিয়ে অবৈধ হতো। যেমন— স্ত্রীর বোন (শালিকা), স্ত্রীর খালা ও স্ত্রীর ফুফুকে একই সঙ্গে স্ত্রী হিসেবে রাখা হারাম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh