Facebook Twitter Instagram YouTube

ফরিদপুরে দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধার করতে গিয়ে বাসচাপায় নিহত ৫


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ /
ফরিদপুরে দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধার করতে গিয়ে বাসচাপায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান উদ্ধার করতে গিয়ে বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার সোয়াদি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে খুলনাগামী ডিমবোঝাই একটি মিনি পিকআপভ্যান সোয়াদি এলাকায় পৌঁছালে সেটির চাকা ফেটে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা পিকআপভ্যানটি ও এর আরোহীদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন। উদ্ধারকাজ চলাকালীন ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের চাপা দেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে।