
রাজধানীর ধানমন্ডির কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুসহ এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তথ্যানুযায়ী, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল, যা থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচজন রোগী চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :