Facebook Twitter Instagram YouTube

গাজীপুরের শ্রীপুরে বর্ণিল আয়োজনে পালিত হলো মান্দিদের ওয়ানগালা উৎসব


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ / ০
গাজীপুরের শ্রীপুরে বর্ণিল আয়োজনে পালিত হলো মান্দিদের ওয়ানগালা উৎসব

গাজীপুরের শ্রীপুরে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মান্দি (গারো) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা ২০২৬’। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের এই উৎসবে নিজস্ব সংস্কৃতি, গান, কবিতা ও নৃত্যে মেতে ওঠেন গারো সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কেওয়াচালা গ্রামে ‘কেওয়াচালা ওয়ানগালা ২০২৬’ শীর্ষক এই উৎসব সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে।

কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেওয়াচালা ওয়ানগালা ২০২৬-এর নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরণ্য ই. চিরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন।

উৎসবের মঞ্চে মান্দি ভাষায় কবিতা আবৃত্তি, গান ও ঐতিহ্যবাহী সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি গারো সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের নানা পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা। এর আগে সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে কেওয়াচালাসহ গাজীপুরের বিভিন্ন এলাকার নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাঁদের আমরা আসলে অন্য সংস্কৃতির বলে মনে করি না। তাঁরা আমাদেরই মানুষ। সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’ উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh