Facebook Twitter Instagram YouTube

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতা, রুদ্ধদ্বার বৈঠকের খবর


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ / ০
পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতা, রুদ্ধদ্বার বৈঠকের খবর

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ চার নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা সফর করেছেন। রোববার (২২ নভেম্বর) দুপুরে একটি সাদা গাড়িতে চেপে তারা সেখানে পৌঁছান এবং পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, ওই স্থানে তারা ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। তবে বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করা হয়নি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ পর্যবেক্ষণ এবং কৌশল খতিয়ে দেখতেই এই সফর কি না, তা নিয়ে জোর আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছানো ওই নেতাদের তালিকায় ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা পুনরায় কলকাতার উদ্দেশে রওনা দেন।

এদিকে অপর ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে আওয়ামী লীগ নেতারা কেবল একটি সীমান্তপথের ওপর ভরসা রাখতে চাইছেন না। তারা বিকল্প রুটের সম্ভাবনাও খতিয়ে দেখছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও তাদের পর্যবেক্ষণের তালিকায় রাখা হয়েছে।

আওয়ামী লীগের একটি অংশের মাঝে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটেই নেতারা সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কি না, তা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তবে ইমিগ্রেশন সেন্টারে তাঁদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো স্পষ্ট বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। (প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম / 23 November 2026, 12:43 PM)

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor