Facebook Twitter Instagram YouTube

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ / ০
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জসহ দেশজুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা। বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এ সময়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের কথা থাকলেও বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে। রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক তৎপরতার বাইরে এসে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে দলগুলোকে দায়িত্বশীল হতে হবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দেশে শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম. মামুন শাহীন, যুব বিভাগ সেক্রেটারি সালাউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান বক্তব্য উপস্থাপন করেন।

কর্মসূচিতে তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং মহানগর শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh