
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে। রোববার সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে তার জানাজা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মৃতদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পঞ্চগড়-তেতুলিয়ার স্থানীয় জনগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের জীবনী পাঠ করেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ডা. মো: শফিকুর রহমান, চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি এবং মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাকে সততা, প্রজ্ঞা ও সংসদীয় গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে আপাদমস্তক ভদ্রলোক ও সৎ রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি আইনি জটিলতায় পড়া নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং কখনও পারিশ্রমিক নেননি। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে একজন ‘সেলফ-মেড ম্যান’ হিসেবে অভিহিত করেন। ড. খন্দোকার মোশাররফ হোসেন তার পেশাগত আন্তরিকতার স্মৃতিচারণ করেন।
আলোচনা শেষে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। উল্লেখ্য, ৯৪ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আপনার মতামত লিখুন :