Facebook Twitter Instagram YouTube

বন্যাদুর্গতদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতের


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ /
বন্যাদুর্গতদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতের

টানা ভারী বর্ষণ ও বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের দুর্গত মানুষের পাশে ত্রাণসহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা এবং সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা জানান, অতিবৃষ্টি ও বন্যার ফলে চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলে অত্যন্ত করুণ ও মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন এবং পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। অগণিত মানুষ এই দুর্যোগে নিঃস্ব হয়ে পড়েছেন।

বন্যাদুর্গতদের সহায়তার পাশাপাশি উদ্ধার তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে হেফাজতের শীর্ষ নেতারা সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদানে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যদি একে অপরের বিপদে এগিয়ে আসি, তবে আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহর অসন্তুষ্টি ও গজব থেকে বাঁচতে বেশি বেশি এস্তেগফার ও তওবা করার আহ্বান জানিয়ে তারা আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমে আসবে।