Facebook Twitter Instagram YouTube

সংস্কার ও বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি নাসীরুদ্দীনের


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ /
সংস্কার ও বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি নাসীরুদ্দীনের

দেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে গত ৬ জুলাই থেকে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি বাংলাদেশে সংস্কার ও শেখ হাসিনার বিচার কাজ বাস্তবায়ন না হয়, তবে বিএনপি সরকারের পতন ঘটানো হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা মন্ত্রী-এমপি হয়ে দম্ভ দেখাচ্ছেন, তাদের মনে রাখা উচিত যে শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন। তিনি আরও বলেন, আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই বলেই ভদ্র আচরণ করছি। কিন্তু কেউ যদি সুযোগ নিয়ে বাড়াবাড়ি করেন, তবে তাদের কীভাবে টেনে নামাতে হয় তা আমাদের জানা আছে। রামভূত, দিল্লির ভূত এবং চাঁদাবাজির ভূত নামিয়ে ফেলার সক্ষমতা তাদের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বন্যা ব্যবস্থাপনা নিয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষিণবঙ্গে বন্যার কারণে ৩৯ জন প্রাণ হারিয়েছেন। অথচ দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে নির্বাচনের আগে দেখা গেলেও বন্যার সময় তাকে একবারও দেখা যায়নি।

ভারতের বিজেপি ও আরএসএসের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হবে না। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল।

তিনি বলেন, ‘ভারতের ওই খানে যারা গেরুয়া সন্ত্রাস করে—বিজেপি, আরএসএসের যে গুন্ডা বাহিনী, আমরাও তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদির লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে।