Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ /
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকায় পৌঁছেছে। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত ৩১ মে পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা।

অর্থমন্ত্রী জানান, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পাঠানো সিআইবি তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রস্তুত করা হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চ হার কমানো জরুরি বলে উল্লেখ করে তিনি জানান, এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে।

একই অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে, যার মধ্যে ৩ বিলিয়ন ডলার ছিল মূলধন এবং ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার সুদ বাবদ ব্যয় হয়েছে। সংসদকে তিনি আরও জানান, গত পাঁচ বছরে আমদানিকৃত পণ্যের বিপরীতে বকেয়া শুল্ক-কর দাঁড়িয়েছে ২৫ হাজার ৫০৪ কোটি টাকা।