Facebook Twitter Instagram YouTube

কুয়াকাটার সৈকতে ভেসে এল আট ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ /
কুয়াকাটার সৈকতে ভেসে এল আট ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে। রোববার দুপুরে জোয়ারের পানিতে কুয়াকাটা জাতীয় উদ্যানসংলগ্ন সৈকত এলাকায় ডলফিনটি দেখতে পাওয়া যায়। খবর পাওয়ার পর মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কে এম মনিরুজ্জামানের নির্দেশে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সেটি মাটিচাপা দেয়।

নীল অ্যাকশন ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে এটির মৃত্যু হয়েছে। ডলফিনের শরীরে রক্তাক্ত দাগ দেখে গবেষকদের ধারণা, নৌযানের আঘাত, মাছ ধরার জাল অথবা মৎস্য আহরণের কোনো সরঞ্জামের আঘাতে প্রাণীটির মৃত্যু হতে পারে। এছাড়াও নদী ও মোহনায় শিল্পবর্জ্য, প্লাস্টিক ও তেল দূষণ ডলফিনের জন্য বড় হুমকি হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি ডলফিন অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার নিয়ন্ত্রণ ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু জানান, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর হার কিছুটা কমলেও এখনো প্রায়ই সৈকতে মৃত ডলফিন ভেসে আসে। তিনি ডলফিনের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে সরকারি পর্যায়ে কার্যকর গবেষণার দাবি জানান। এদিকে, ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ বলেন, উপকূলজুড়ে তারা সচেতনতামূলক কাজ করছেন। তারাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডলফিনের মৃত্যুর কারণ উদ্‌ঘাটন এবং এর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।