
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই তিন শিশুসহ সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০ জন এবং বাকিদের ক্ষেত্রে হামের উপসর্গ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শুক্রবারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ৯ মাস, যার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে। বাকি দুজনের মধ্যে একজনের বয়স ৫ মাস (বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে) এবং অন্য শিশুর বয়স ১ বছর (বাড়ি সুনামগঞ্জের শাল্লায়)।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৯২১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৯৬৮ জন, সিলেটে ৪৮৬ জন, হবিগঞ্জে ২৯৫ জন এবং মৌলভীবাজারে ১৭২ জন আক্রান্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন চিকিৎসাধীন আছেন।
আপনার মতামত লিখুন :