
বিশ্বজুড়ে অসংখ্য মানুষ দুর্যোগ, দারিদ্র্য, ব্যাধি ও আর্থিক সংকটে জর্জরিত হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। অনাহারী শিশু, জরাজীর্ণ প্রবীণ এবং দুঃখ-কষ্টে ভারাক্রান্ত মানুষদের আহাজারিতে সমাজ ভারী হয়ে উঠলেও অনেক সময় তথাকথিত মানবিকতার বাণী প্রচারকারীরা বাস্তবে তাদের পাশে থাকেন না। অথচ ইসলামি জীবনদর্শনে মানবকল্যাণকেই শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম উপায় হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেন, 'তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। মানবতার কল্যাণে তোমাদের অস্তিত্ব দান করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর আল্লাহর প্রতি ঈমান আনবে।' (সুরা আলে ইমরান : ১১০)।
মানবসেবা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচারের অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল। বিপদে মানুষের পাশে দাঁড়ানো ও সহানুভূতি প্রকাশের ক্ষেত্রে তিনি স্থাপন করেছেন চিরন্তন আদর্শ। প্রথম অহি নাজিলের পর প্রিয়নবী (সা.) যখন শঙ্কিত ও কম্পিত হয়ে উঠেছিলেন, তখন তার সহধর্মিণী হজরত খাদিজাতুল কোবরা (রা.) তাকে আশ্বস্ত করে বলেছিলেন, 'আল্লাহতায়ালা আপনাকে কখনও অপমানিত করবেন না। কারণ, আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সম্প্রীতি বজায় রাখেন, অসহায়দের ভার বহন করেন, অসহায়কে অর্থ দিয়ে সাহায্য করেন, অতিথিকে আপ্যায়ন করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের সহযোগিতা করেন।' (বোখারি : ৩)।
কারো দুঃখ-কষ্ট দূর করতে এগিয়ে এলে আল্লাহতায়ালার পক্ষ থেকেও বিশেষ সাহায্য ও অনুকম্পা লাভ হয়। পার্থিব জীবনে মানুষের সুখ-দুঃখের নানা পরিবর্তন ঘটে। এমন কঠিন সময়ে স্বার্থপরতার কারণে অনেকে মুখ ফিরিয়ে নিলেও ঈমানদারের দায়িত্ব হলো অপরের দুর্দশা লাঘব করা। হাদিসে রাসুল (সা.) এরশাদ করেছেন, 'যে ব্যক্তি কোনো ঈমানদারের একটি পার্থিব কষ্ট লাঘব করবে, আল্লাহতায়ালা তার কেয়ামত দিবসের একটি কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি (লেনদেনে) কোনো অভাবী মানুষকে ছাড় দেবে, আল্লাহতায়ালা ইহ-পরকালে তাকে ছাড় দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহতায়ালা দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।' (মুসলিম : ২৬৯৯)। অন্য এক বর্ণনায় তিনি বলেন, 'আল্লাহতায়ালা দয়ালুদের ওপর দয়া করেন। যারা জমিনে বসবাস করছে, তাদের প্রতি তোমরা দয়া কর; তাহলে যিনি আকাশে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন।' (তিরমিজি : ১৯২৪)।
মানবসেবা ও দানের ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা বা ইখলাস রক্ষা করা অপরিহার্য। ইসলামি দৃষ্টিকোণ থেকে লোকদেখান বা বাহবা পাওয়ার উদ্দেশ্যে কৃত কোনো আমল পরকালে কোনো কাজে আসবে না। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কৃত কাজই ইবাদতে পরিণত হয়। নিয়তের সততা না থাকলে কিংবা লোকদেখান মানসিকতা থাকলে তা আমলকে অন্তঃসারশূন্য করে ফেলে, এমনকি তা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। (মুসলিম : ৪৮১৭)।
দান ও সহায়তা হতে হবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। কোনো ভবিষ্যৎ সুবিধা বা প্রতিদানের আশায় নয়, বরং কেবল স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির সেবা করাই প্রকৃত মোমিনের বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে সৎকর্মশীলদের পরিচয় দিয়ে বলা হয়েছে, 'তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্দীদের খাবার দান করে। (আর তাদের বলে,) আমরা তো তোমাদের খাওয়াই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও নই।'
মানবসেবাকে পারিবারিক অনুশীলনে রূপ দিতে ঘরোয়াভাবে একটি সদকা বাক্স রাখার অভ্যাস গড়া যেতে পারে। পরিবারে প্রতিদিন সাধ্যমতো খুচরা পয়সা বা নোট জমিয়ে মাস শেষে তা অভাবী ও দুস্থদের মাঝে সহজে বিতরণ করা সম্ভব। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুরা পরোপকারী ও মানবিক মূল্যবোধসম্পন্ন হয়ে গড়ে ওঠে। পার্থিব ধনসম্পদ একদিন শেষ হয়ে গেলেও আল্লাহর উদ্দেশ্যে পাঠানো সঞ্চয়ই আখেরাতে স্থায়ী হয়। আল্লাহতায়ালা বলেন, 'তোমাদের কাছে যা কিছু আছে, তা নিঃশেষ হয়ে যাবে; আর আল্লাহর কাছে যা আছে, তা স্থায়ী।' (সুরা নাহল : ৯৬)। তিনি আরও স্মরণ করিয়ে দেন, 'তোমরা যে কোনো সৎকর্ম নিজেদের কল্যাণার্থে সামনে (আখেরাতে) প্রেরণ করবে, আল্লাহর কাছে তা পাবে। নিশ্চয় তোমরা যে কোনো কাজ কর, আল্লাহ তা দেখছেন।'
আপনার মতামত লিখুন :