Facebook Twitter Instagram YouTube

পোশাক শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ / ০
পোশাক শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

টানা কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর গাজীপুর এবং সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। নতুন বেতন কাঠামো ঘোষণার পর গত শনিবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শিল্পাঞ্চলে পুনরায় কর্মচাঞ্চল্য ফেরায় সংশ্লিষ্টরা একে ইতিবাচক হিসেবে দেখছেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল ৮টা থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায় শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করছেন। ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালাসহ বিভিন্ন এলাকায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। একইভাবে সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও বাইপাইল শিল্প এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা গাজীপুরের ৫৪টি এবং সাভার-আশুলিয়ার ১৫টি কারখানা বাদে বাকি সব কারখানায় উৎপাদন শুরু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ কারখানাগুলোও পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩৯ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন।

শ্রমিকরা জানান, আগের তুলনায় পরিবেশ এখন অনেক শান্ত। তবে তারা নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আনন্দের সঙ্গে কাজে যোগ দিচ্ছেন, যা শিল্পের স্থিতিশীলতার জন্য জরুরি। পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার জানান, আগের বেতনে সংসার চালানো কঠিন ছিল, তবে নতুন মজুরি কাঠামোতে তারা খুশি।

তবে সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় কিছু শ্রমিক আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে গত ২৪ নভেম্বর মজুরি বোর্ডের চতুর্থ সভায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার, ২০ হাজার ও ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin