Facebook Twitter Instagram YouTube

১৮ জুলাই শিল্পকলা একাডেমিতে একক সংগীতানুষ্ঠানে গাইবেন রুনা লায়লা


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ /
১৮ জুলাই শিল্পকলা একাডেমিতে একক সংগীতানুষ্ঠানে গাইবেন রুনা লায়লা

আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীতানুষ্ঠানে গাইবেন বরেণ্য শিল্পী রুনা লায়লা। শিল্পী ও শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ যৌথভাবে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে এক মাসের বেশি সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পরপরই এই একক সংগীতানুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

জানা গেছে, দীর্ঘ ছয় দশকের সংগীত ক্যারিয়ারের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান এই আয়োজনে পরিবেশন করবেন রুনা লায়লা। গত বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশবরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিক একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজের এই একক আয়োজন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি, তবে একক সংগীতানুষ্ঠান এই প্রথম। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের পাশাপাশি তাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মাসটির শেষের দিকে রুনা লায়লার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন।