
বিশ্বজুড়ে সব বয়সী দর্শকদের কাছে অ্যানিমেটেড সিনেমা দারুণ জনপ্রিয়। বিশেষ করে ২০১৬ সালের মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ দেখা যাচ্ছে এবং অগ্রিম টিকিট বুকিংয়েও মিলছে দারুণ সাড়া।
বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার বা প্রায় ১৬শ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে এই বিগ-বাজেট প্রজেক্ট। এর মধ্যে আমেরিকার বাজার থেকে ৬ কোটি ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে বাকি ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ডলার আসার সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে নির্মাতাদের প্রত্যাশা।
এই ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ারের। জনপ্রিয় চরিত্র ‘মাউই’ হয়ে ফিরছেন ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াই নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই লাইভ-অ্যাকশন সংস্করণে। উন্নত ভিজ্যুয়াল, পরিচিত গান এবং আবেগঘন গল্পের কারণে সিনেমাটি দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ১৫ কোটি ডলার বাজেটের অ্যানিমেটেড মোয়ানা বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি আয় করেছিল এবং ডিজনি প্লাসেও রেকর্ড ভিউ পেয়েছিল। এছাড়া এর সিক্যুয়েল ‘মোয়ানা ২’ বক্স অফিসে ১০০ কোটি ডলারের মাইলফলক পার করে ইতিহাস গড়েছে। এখন নতুন এই লাইভ-অ্যাকশন সিনেমাটি দর্শকদের মন কতটা জয় করতে পারে, সেটাই দেখার অপেক্ষা।
আপনার মতামত লিখুন :