
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের লড়াই শেষে এখন চূড়ান্ত হয়েছে শেষ চারের সমীকরণ। বিশ্ব ফুটবলের শীর্ষ চার দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে চার দলের তারকারা নিজেদের প্রস্তুতি ও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির জন্য এই সেমিফাইনাল বেশ বিশেষ। দীর্ঘ ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন। ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করে মেসি জানান, ইংল্যান্ড সবসময়ই শক্তিশালী দল এবং এমন বড় মঞ্চে তাদের মুখোমুখি হওয়াটা দারুণ রোমাঞ্চকর। এছাড়া আলভারেস জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ই তার কাছে মুখ্য, তবে গোল করে দলকে জেতানোর অনুভূতি সবসময়ই বিশেষ।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের লক্ষ্য এখন শুধুই শিরোপা। টানা ভালো খেলার পরও ট্রফির অপেক্ষায় থাকা থ্রি লায়ন্সরা এবার সেই আক্ষেপ ঘুচিয়ে দিতে চায়। কেইন জানান, পুরো দল কঠোর পরিশ্রম করছে। দলের আরেক ভরসা জুড বেলিংহাম এবারের পারফরম্যান্সকে স্বপ্নের মতো উল্লেখ করে সতীর্থদের লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন।
ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে শিরোপা জয়ের আগ পর্যন্ত কোনো ধরনের আত্মতুষ্টিতে রাজি নন। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে তিনি জানান, নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে হলে এখনও অনেক পথ বাকি। দেম্বেলে জানিয়েছেন, দলের প্রয়োজনেই তিনি নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর।
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বেশ আত্মবিশ্বাসী। ১৮ বছর বয়সী এই উইঙ্গারের মতে, এবারের বিশ্বকাপের সেরা দুই দল সেমিফাইনালে লড়ছে এবং ফ্রান্সকে হারানোর মতো সক্ষমতা স্পেনের রয়েছে। দলের মাঝমাঠের স্তম্ভ রদ্রিও মনে করেন, ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি কঠিন হলেও সঠিক ছন্দে খেলতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। চার দলের তারকাদের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, ফাইনালে ওঠার লড়াইয়ে কেউই প্রতিপক্ষকে এক চুল ছাড় দিতে রাজি নয়।
আপনার মতামত লিখুন :