Facebook Twitter Instagram YouTube

ইংল্যান্ড ম্যাচে কি নতুন কৌশলে চমক দেবেন স্কালোনি?


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ /
ইংল্যান্ড ম্যাচে কি নতুন কৌশলে চমক দেবেন স্কালোনি?

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। ফাইনালের টিকিট নিশ্চিত করার এই লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সোমবারের অনুশীলনে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা শুরুতে হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ে ছোট পরিসরের অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে কোচ লিওনেল স্কালোনি এখনো সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় শেষ অনুশীলন সেশনেই দলের চূড়ান্ত কৌশল, রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট-পিস নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জেতা ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় পেতে তাদের বাড়তি ৩০ মিনিট খেলতে হয়েছিল। সেই মলিন পারফরম্যান্সের পরেও কোচ স্কালোনি তার চেনা ও নিয়মিত একাদশের ওপরই ভরসা রাখতে পারেন। মিশরের বিপক্ষে যে একাদশ খেলিয়েছিলেন, সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল নামিয়েছিলেন তিনি। স্কালোনির মতে, মিশরের বিপক্ষে দলটি ম্যাচ নিয়ন্ত্রণ করেছিল এবং সুযোগও তৈরি করেছিল; মূলত গোলের সামনে ব্যর্থতা এবং কয়েকটি রক্ষণাত্মক ভুলই ছিল সমস্যার মূল কারণ।

তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মিডফিল্ডের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও চোট নয়, বরং ক্র্যাম্পের কারণে লিয়ান্দ্রো পারেদেস কিছুটা ভুগলেও বড় কোনো সমস্যা নেই। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দলে কিছুটা রদবদল বা কৌশলগত পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় মন্টিয়েল এবং মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে।

অবশ্য শেষ পর্যন্ত কী হবে, তা এখনই নিশ্চিত নয়। স্কালোনির পুরনো অভ্যাসই হলো একাদশ গোপন রাখা। ম্যাচের আগে ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠক না হওয়া পর্যন্ত তিনি নিজের পরিকল্পনা প্রকাশ করতে চান না। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, সেটি জানতে ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।