
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা, যার ফলে নগরীর বড় একটি অংশে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাস্তা অবরোধ করেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে সায়েন্সল্যাব এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কটি পুরোপুরি বন্ধ করে দেন। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক যাত্রীকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়। ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল জানান, তারা পরীক্ষা দিতে আপত্তি করছেন না, তবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ায় তারা প্রতিবাদ করছেন। ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাব্বি মিয়া বলেন, গতকালের ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা উচিত।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। জলাবদ্ধতা ও দীর্ঘ যানজটের কারণে অনেক শিক্ষার্থী বিকল্প উপায়ে কেন্দ্রে পৌঁছাতে গিয়ে দুর্ভোগে পড়েন।
এদিকে, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, সায়েন্সল্যাব ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এছাড়া, ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের সামনেও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা, যদিও বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্য কোনো স্থানে বড় ধরনের কর্মসূচির খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :