
২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণের চূড়ান্ত লড়াইয়ের আগে ফুটবল বিশ্ব এখন সেমিফাইনালের উত্তেজনায় কাঁপছে। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রবিবারের ফাইনালকে সামনে রেখে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড—এই চার পরাশক্তির মধ্যে টিকে থাকার লড়াই চলছে। তবে বিবিসি স্পোর্টসসহ আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিক ও বিশ্লেষকদের মতামত অনুযায়ী, এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে এগিয়ে আছে ফ্রান্স।
স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগে চার সেমিফাইনালিস্টের শক্তি বিশ্লেষণ করতে গিয়ে জানান, স্পেন সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হলেও ফ্রান্সের রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ। তাঁর মতে, ফ্রান্সকে হারাতে হলে স্পেনকে নিখুঁত ফুটবল খেলতে হবে এবং লামিনে ইয়ামালকে তার সেরা ছন্দে থাকতে হবে। অন্যদিকে, আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ধীরগতির কৌশলে লিওনেল মেসি বা হুলিয়ান আলভারেজের জাদুকরী মুহূর্তের অপেক্ষায় থাকবে বলে তিনি মনে করেন। তবে তাঁর সতর্কবার্তা, স্কালোনির দল এভাবে খেলে আগুনের সঙ্গেই খেলা করছে।
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লেখক ফিল ম্যাকনাল্টি মনে করেন, থমাস টুখেলের দল আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠতে পারে। তবে শিরোপা জয়ের দৌড়ে তিনি ফ্রান্সকেই এগিয়ে রাখছেন। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম এবং উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা ও রায়ান শেরকির মতো তারকাদের সমন্বয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগকে তিনি অন্য সবার চেয়ে শক্তিশালী বলে অভিহিত করেছেন। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিদায়ী কোচ দিদিয়ের দেশমের হাতেই উঠবে এবারের শিরোপা।
ফরাসি সাংবাদিক আবদুল-করিম জানান, বর্তমান ফরাসি দলে কোনো বিতর্ক বা অস্থিরতা নেই, বরং দলটি আত্মবিশ্বাসে ভরপুর। এমনকি সেমিফাইনালের পরের উৎসবের জন্য বাস্তিল দিবসের আতশবাজিও পিছিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আর্জেন্টিনার সাংবাদিক সান্তি সিওলাও ফুটবলীয় বিচারে ফ্রান্সকেই সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বেছে নিয়েছেন। তিনি মনে করেন, টুর্নামেন্ট যত এগিয়েছে ফ্রান্সের রক্ষণভাগ ততটাই মজবুত হয়েছে। যদিও হৃদয়ের টানে তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন, তবে বাস্তব বিচারে কিলিয়ান এমবাপ্পেদের হাতেই ট্রফি ওঠার প্রবল সম্ভাবনা দেখছেন তিনি।
আপনার মতামত লিখুন :