
মঙ্গলবার বেলা সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। সিনেট ভবনে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
সফরকালে প্রধানমন্ত্রী ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরির সম্ভাবনা এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা, নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ এবং জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালুর কর্মসূচি রাখা হয়েছে। এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকালে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি কর্মশালায় অংশ নিয়েছিলেন।
সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছান।
আপনার মতামত লিখুন :