
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই ইরানে রাতভর একের পর এক ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান বাকযুদ্ধ এখন তুঙ্গে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ১৪ জুলাই মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল, এবারও একই ধরনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টিতে জড়িত থাকা সামরিক বাহিনীর অন্যান্য স্থাপনা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু বা পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করছে।
এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সংবাদমাধ্যম জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :