
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগ, ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে তারা তিন দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। এই কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বেলা পৌনে ১টার দিকে শিক্ষা ভবন ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও প্রদান করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবির প্রতি সংহতি জানান। ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। শেষ পর্যন্ত পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা ফিরে যেতে বাধ্য হন।
শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবিগুলো হলো: দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসন কোনো পূর্বপ্রস্তুতি নেয়নি। জলাবদ্ধতা ও দুর্যোগের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন, যা তাদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে। সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাতায়াতের চরম ভোগান্তির প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে।
আপনার মতামত লিখুন :