
আজ বুধবার (১৫ জুলাই) ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পদক তুলে দেবেন। এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছিল উপজেলা পর্যায় থেকে। ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হওয়া এসব প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হবে।
এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
পদক প্রদান ছাড়াও অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের ৬৪টি জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ অনুষ্ঠানে প্রদর্শন করা হবে। বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’সহ নানা কার্যক্রম তুলে ধরা হবে।
আপনার মতামত লিখুন :