Facebook Twitter Instagram YouTube

পরিবেশ দূষণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
পরিবেশ দূষণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ মোকাবিলায় বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন। একই সঙ্গে রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্নের ব্যবহার নিয়ন্ত্রণ করতে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশনাও প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বরোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh