
রাজধানীর মতিঝিল এলাকায় ব্যবসায়ী ইসমাইল হোসেনের কাছে চাঁদা দাবি ও গুলি বর্ষণের মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি এবং তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এর আগে মতিঝিল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা যাচাই, পলাতক সহযোগীদের শনাক্ত করা এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে শুক্রবার সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পিকে এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, মতিঝিল এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাতে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে তাকে গরুর হাটে নির্দিষ্ট ব্যক্তিকে অংশীদার হিসেবে রাখার জন্য চাপ দেওয়া হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর ১৯ মে সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসে গুলি চালায়। এ ঘটনায় ২০ মে ইসমাইল হোসেন মতিঝিল থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
আপনার মতামত লিখুন :