Facebook Twitter Instagram YouTube

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ /
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গে নতুন করে ৭৭৩ জন শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪৯ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ জন শিশু। গত চার মাসের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, এ পর্যন্ত মোট ৯৯ হাজার ২৪৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৫২৯ জন শিশু। এ ছাড়া গত চার মাসে সারা দেশে পরীক্ষার মাধ্যমে মোট ৪ হাজার ৬৯৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy