
ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন একটি কারখানার রিজার্ভ সেফটি ট্যাংকিতে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পাড়াগাঁও এলাকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে রুমেল মিয়া (২৫) এবং খুলনার কয়রা উপজেলার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮)। তারা ওই নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার শ্রমিকরা জানান, ঘটনার সময় শফিকুল ইসলাম প্রথমে রিজার্ভ সেফটি ট্যাংকিতে কাজ করতে নামেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া-শব্দ না পেয়ে রুমেল মিয়া তাকে দেখতে ট্যাংকির ভেতরে নামেন। ভেতরে অক্সিজেনের সংকটে তারা দুজনই অসুস্থ হয়ে পড়েন।
সহকর্মীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধারে কোনো সহযোগিতা করেনি। পরে অন্য দুই শ্রমিক কোমরে রশি বেঁধে ট্যাংকির ভেতরে নেমে তাদের উদ্ধার করেন। আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শ্রমিকদের দাবি, দ্রুত উদ্ধার করা সম্ভব হলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো যেত।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শ্রমিকরা নিজেরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ হাসপাতাল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :