Facebook Twitter Instagram YouTube

আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসীদের বিশেষ ‘প্রবাসী কার্ড’


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ /
আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসীদের বিশেষ ‘প্রবাসী কার্ড’

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের জন্য নতুন ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে এই কার্ডের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার প্রবাসী কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের বিশেষ সুবিধা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী, এই কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পর্যায়ক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই কার্ডের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের। কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসী যেন এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin