
বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (১৮ জুলাই) আয়োজিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে দেশের বায়ু ও শব্দদূষণের বর্তমান পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন। একইসঙ্গে রাজধানী থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণে অতিরিক্ত হর্নের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীর অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
উক্ত বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
আপনার মতামত লিখুন :