
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অপেক্ষায় দিন গুনছেন প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের জন্য জোর প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বোর্ডগুলো এই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে চলতি মাসের শেষ দিকে, অর্থাৎ আগামী ৩০ জুলাই নাগাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হতে পারে।
এর আগে গত ৮ জুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন যে, ২০ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে বিভিন্ন পরিস্থিতি ও অনিবার্য কারণে সেই নির্ধারিত সময়ে ফল প্রস্তুত করা সম্ভব হয়নি। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও এবার কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের অনুমোদিত তারিখে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :