Facebook Twitter Instagram YouTube

আগস্টের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন না এলে বৃহত্তর আন্দোলনের হুমকি


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ /
আগস্টের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন না এলে বৃহত্তর আন্দোলনের হুমকি

চলতি বছরের আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনটি জানিয়েছে। রবিবার (২৬ জুলাই) সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগস্টের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন কোথায় আটকে আছে? তিনি আশা প্রকাশ করেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতা এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সব সময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। সেই কারণে প্রথমে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে পরবর্তী করণীয় নির্ধারণ করে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin