
ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে ছড়িয়ে পড়া দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ইমরান শেখ অফিসের নিজ কক্ষে বসে সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন।
ভিডিওতে ওই কর্মকর্তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতেও শোনা যায়। তিনি উল্লেখ করেন, ‘উনিও ৪০তম বিসিএস; আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।’
ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে ইমরান শেখ দাবি করেন, এটি কোনো ঘুষের টাকা নয়, বরং ধারের টাকা। তিনি জানান, অনেকেই তার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন এবং ফেরত দিয়ে যান। তবে সেই ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে তিনি অস্বীকৃতি জানান।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানিয়েছেন, এর আগেও তিনি অফিসে গিয়ে ইমরান শেখকে না পাওয়ায় শোকজ করেছিলেন। তিনি বলেন, ‘টাকা নেওয়ার অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :