Facebook Twitter Instagram YouTube

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ /
জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে রোববার সন্ধ্যা ৬টায় ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। তিনি তার বক্তব্যে জাপানকে বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, দেশটির দুঃসময়ে জাপান সবসময় পাশে থেকেছে। মন্ত্রী আরও বলেন, পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে দুই দেশ কাজ করছে এবং বাংলাদেশের অবকাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়নে জাপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে আফরোজা খানম বলেন, মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা অবৈতিক করার মাধ্যমে তিনি নারী শিক্ষার প্রসারে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বর্তমান সরকার সেই ধারা অনুসরণ করে ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতিক করেছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার নারী শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে মূলত বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং নারী উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh