Facebook Twitter Instagram YouTube

হালাল সনদ শাখায় অনিয়মের অভিযোগে আবু ছালেহ স্ট্যান্ড রিলিজ


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ /
হালাল সনদ শাখায় অনিয়মের অভিযোগে আবু ছালেহ স্ট্যান্ড রিলিজ

ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু ছালেহ পাটোয়ারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে নরসিংদী জেলা কার্যালয়ে উপপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির সচিব শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি জানানো হয়।

প্রতিষ্ঠানটির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হালাল সনদ প্রদান প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘Halal for Export Diversification’ শীর্ষক কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক ও খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব অভিযোগ উত্থাপন করেন। তারা হালাল সনদ গ্রহণে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় এবং অপ্রয়োজনীয় শর্ত আরোপের কথা জানান।

এসব অভিযোগের প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ হিল বাকি বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করেন। এরপরই অভিযুক্ত কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে নরসিংদী জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়। একইসঙ্গে এই অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ওই কর্মকর্তা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের সব দেনা-পাওনা পরিশোধ বা সমন্বয় করে অবমুক্ত হবেন এবং বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায়, ওই তারিখের বিকেলের পর তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগ থেকে গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা অফিস আদেশের মাধ্যমে ওই কর্মকর্তার উপপরিচালকের চলতি দায়িত্ব বাতিল করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh