
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ার ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পেশায় একটি হোটেলের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সরাসরি হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল ভেঙে যায়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় বাসে থাকা শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে।
আপনার মতামত লিখুন :