Facebook Twitter Instagram YouTube

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ /
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আলাদা কোনো আর্থিক অনিয়মের তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৬ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, তাই তাকে লক্ষ্য করে আলাদা কোনো অনুসন্ধান চালানোর পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এসব তদন্তের প্রক্রিয়ায় যদি সাবেক রাষ্ট্রপতির বা অন্য কোনো ব্যক্তির অনিয়ম ও সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আরিফ হোসেন খান আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল লক্ষ্য হলো আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

এদিকে, ইসলামী ব্যাংকের প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতি সংক্রান্ত অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্স-এর নাম উঠে এসেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে।

উল্লেখ্য যে, এর আগে ২০২৫ সালের ১১ মার্চ হাইকোর্ট ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ এবং জেএমসি বিল্ডার্সের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা প্রদান করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ অক্টোবর বিএফআইইউ আদালতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিলেও বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din