Facebook Twitter Instagram YouTube

সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পে বিষাক্ত পানি পান করে তিন সদস্য অসুস্থ


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ /
সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পে বিষাক্ত পানি পান করে তিন সদস্য অসুস্থ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে পানীয় জলের ট্যাংকের পানি পান করে তিনজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ পুলিশ সদস্যদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম।

ঘটনার বিবরণ দিয়ে ওসি জানান, সকালে ক্যাম্পের তিন সদস্য গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা দেখতে পান। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তাঁরা পানি পান করেন এবং কিছুক্ষণ পরই পানিতে একধরনের বিষাক্ত গন্ধ অনুভব করেন। এর পরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর ক্যাম্পের পানির ট্যাংকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এছাড়া ট্যাংকের বাকি পানি ফেলে দিয়ে তা পরিষ্কার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পের পানীয় জলের পাইপলাইনে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে। তবে এই ঘটনা কীভাবে বা কার মাধ্যমে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক হয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকের সড়ক দিয়ে জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় যাওয়া যায়। ছিন্নমূল ও আলীনগর—এই দুটি অংশ নিয়ে গঠিত এলাকাটিতে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে দীর্ঘদিনের ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে এলাকাটি উদ্ধার করা হয়। এর আগে বিভিন্ন অভিযানে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা হামলার শিকার হয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo