
সচিবালয়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে চুরির ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৪ই জুন এবং ২৩শে জুলাই এই চুরির ঘটনাগুলো সংঘটিত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন চোর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলায় প্রবেশ করে ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হার্ডডিস্ক ছাড়াও কম্পিউটার থেকে প্রসেসর, র্যাম এবং অফিসের ব্যবহৃত প্রিন্টার, কাপ, পিরিচ ও ফ্লাক্সের মতো মালামাল চুরি হয়েছে। কীভাবে সুরক্ষিত ভবনের ভেতর থেকে হার্ডডিস্কগুলো খুলে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় রোববার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভবনের নির্দিষ্ট রুমের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। বিষয়টি বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে এবং চুরির ঘটনার তদন্তের জন্য শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
আপনার মতামত লিখুন :