Facebook Twitter Instagram YouTube

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান কাজী আহসান ও ভাইস চেয়ারম্যান রিজওয়ান


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ /
ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান কাজী আহসান ও ভাইস চেয়ারম্যান রিজওয়ান

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়েছে। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২৩১তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক জনাব কাজী আহসান খলিলকে চেয়ারম্যান এবং পরিচালক জনাব রিজওয়ান মান্নানকে ভাইস চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। এই নিয়োগ ওই তারিখ থেকেই কার্যকর হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আহসান খলিলের ব্যাংকিং খাতে ৩৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ১৯ বছর তিনি ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যাংকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম. ডিগ্রি অর্জন করেছেন। তিনি করপোরেট গভর্ন্যান্স, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট এবং কৌশলগত নেতৃত্বে দক্ষতার জন্য পরিচিত।

ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত রিজওয়ান মান্নান বর্তমানে এওএমসি স্টিল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এওএমসি গ্রুপভুক্ত একাধিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও তিনি যুক্ত রয়েছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা জনাব রিজওয়ান ব্যবসা উন্নয়ন ও কৌশলগত পরিকল্পনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, তাঁর ব্যবসায়িক প্রজ্ঞা, আইনগত জ্ঞান ও করপোরেট গভর্ন্যান্সের দক্ষতা পর্ষদকে আরও সমৃদ্ধ করবে।

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি নবনির্বাচিত এই দুই শীর্ষ কর্মকর্তার প্রতি অভিনন্দন জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, তাঁদের দক্ষ নেতৃত্বে করপোরেট গভর্ন্যান্স আরও সুদৃঢ় হবে এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি টেকসই মূল্য সৃষ্টির কৌশল বাস্তবায়নে নতুন গতির সঞ্চার হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy