Facebook Twitter Instagram YouTube

২১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ /
২১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ

দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে এবং মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এসব প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত সায়েম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য পদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন যারা: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. এমতাজ হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম শফিউর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের অধ্যাপক মোছা. নুর মহল আখতার বানু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম।

তালিকায় আরও রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. আবদুস সোবাহান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নওশের ওয়ান।

নিয়োগপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্যরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, এর আগে সোমবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor